দেশের পর্যবেক্ষণাধীন নদীগুলোর মধ্যে এখন শুধু সিলেটের ফেঞ্চুগঞ্জ স্টেশনে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী তিন দিনের মধ্যে কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।
মঙ্গলবার (২৮ জুলাই) প্রকাশিত বন্যা পরিস্থিতি ও পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি কমেছে। আগামী দুই দিনও পানি কমতে পারে এবং তৃতীয় দিনে স্থিতিশীল থাকতে পারে। এর ফলে সিলেট জেলার কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানিও গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী তিন দিন এ ধারা অব্যাহত থাকতে পারে, এরপর দুই দিন পানি স্থিতিশীল থাকতে পারে। অন্যদিকে গঙ্গা-পদ্মা নদীর পানি আগামী পাঁচ দিন স্থিতিশীল থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
চট্টগ্রাম অঞ্চলের নদীগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় মুহুরী নদীর পানি কিছুটা বেড়েছে। তবে গোমতী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কমেছে। এসব নদীর পানি আগামী এক দিন কিছুটা বাড়তে পারে, পরে দুই দিন স্থিতিশীল থাকতে পারে।
বুলেটিনে আরও বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করা গভীর নিম্নচাপটি পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে উত্তর উড়িষ্যা ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।
এমএইচএন/এমএন
