রাজধানীর বাজারে সমন্বিত অভিযান চালানো হয়েছে। অভিযানে চিংড়িতে জেলি পাওয়া গেছে। তাৎক্ষণিক সব চিংড়ি জব্দ ও ধ্বংস করা হয়। পাশাপাশি, অসুস্থ খাসির কলিজা, মাছ ও মাংসের দোকানে লাল লাইটের ব্যবহার দেখতে পেলে তা তাৎক্ষণিক অপসারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর মিরপুর-১ এ অবস্থিত শাহ আলী কাঁচা বাজারে এই সমন্বিত অভিযান চালানো হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, কৃষি বিপণন অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি করপোরেশন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ঢাকা মেট্রোপলিটন কার্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে এ সমন্বিত অভিযান চালানো হয়।
অভিযানে বাজারে মাছ, মাংস, মুরগি, শাকসবজি ও মুদি দোকানে কিছু ত্রুটি পরিলক্ষিত হয়েছে। প্রায় ৪০ কেজি চিংড়িতে জেলি পাওয়া যায়। তাৎক্ষণিক সব চিংড়ি জব্দ ও ধ্বংস করা হয়।
পাশাপাশি, অসুস্থ খাসির কলিজা পাওয়া যায় প্রায় ১ কেজি। পরীক্ষণের মাধ্যমে নিশ্চিতকরণের পর কলিজা জব্দ ও ধ্বংস করা হয়। এ ছাড়া, অধিকাংশ মাছ, মাংস ও সবজির দোকানে মূল্য তালিকা পাওয়া যায়নি। মাছ ও মাংসের দোকানে লাল লাইটের ব্যবহার দেখা যায়, যা তাৎক্ষণিক অপসারণ করানো হয়।
এ বিষয়গুলো আগামী ৩০ দিনের মধ্যে সংশোধন করতে বাজারের মালিক সমিতিকে নির্দেশনা দেওয়া হয়। নির্ধারিত সময়ে সংশোধন না করলে পরবর্তী অভিযানে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।
অভিযানে বিএফএসএ উপপরিচালক বি এম রুহুল আমিন রিমন নেতৃত্ব দেন। এ ছাড়া, অভিযানে বিএফএসএ নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএসএস/এসএএস
