চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের মধ্যম শাকপুরার ঘোষখীল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নেজাম উদ্দীন (৩৮)। ঘটনার পর থেকে তার ছোট ভাই অভিযুক্ত মোহাম্মদ সুমন পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নেজাম উদ্দীনের সঙ্গে তার ভাই সুমনের জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। আজ বিকেলে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। সুমনের মারধরের মুখে নেজাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন বলেন, নেজাম উদ্দীনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারা বাকি আইনগত ব্যবস্থা নিচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন ঢাকা পোস্টকে বলেন, পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সুমন পলাতক রয়েছেন। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষ করে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এমআর/এসএএস
