বিজ্ঞাপন

পরিচ্ছন্ন নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ডিএনসিসি

পরিচ্ছন্ন নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা কার্যক্রম এবং তাদের অংশগ্রহণের মাধ্যমে অন্যদের উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) মিরপুর-১৪ বাংলাদেশ নৌ বাহিনীর বি এন কলেজে এক পুরস্কার বিতরণী সভা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক মানুষ এবং এটা সারা বিশ্বে স্বীকৃত। প্রধানমন্ত্রীর হাত ধরেই বাংলাদেশে পরিবর্তন আসবে। আমরা তার সহকর্মী হিসেবে তাকে অনুসরণ করে দেশ গড়ার কাজে সহযোগিতা করে যাচ্ছি।

তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণসহ ভালো ও জনসেবামূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রীর ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ বাস্তবায়ন সহজ হবে। আমাদের উচিত আজকের এই কর্মসূচিকে প্রতিটি জায়গায় ছড়িয়ে দিয়ে জনসচেতনতা বৃদ্ধি করা এবং সিটি করপোরেশনের দায়িত্ব ও নাগরিক সুবিধাগুলো আরও সহজ করে তোলা।

প্রশাসক বলেন, চেষ্টা দ্বারাই সব কিছু সম্ভব। যেখানে চেষ্টা থাকবে, সেখানে অবশ্যই সফলতা আসবে। বাংলাদেশ নেভি কলেজের ছাত্র-ছাত্রীদের পরিচ্ছন্নতা বিষয়ক আইডিয়া আমরা নগরের প্রতিটি ওয়ার্ডে, পাড়া-মহল্লায় নাগরিকের মাঝে ছড়িয়ে দিব। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে পরিচ্ছন্নতা নগরী গড়ার চেষ্টা করব।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পর নৌবাহিনী কলেজ, ডেন্টাল কলেজ ও নেভি স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একটি র‍্যালি বের হয়। র‍্যালিতে আধুনিক ডাস্টবিন ব্যবহারের পদ্ধতি শেখানো হয়। এ সময় ছাত্র-ছাত্রীরা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

বিএন কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এম ইসমাইল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডোর হুমায়ুন কবীরসহ কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

এএসএস/এসএএস