মিরপুর কলেজের দেয়াল ধসের হতাহতের ঘটনায় তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
মঙ্গলবার (২৮ জুলাই) মিরপুর-২ এর মিরপুর কলেজের দেয়াল ধসে দুইজনের মৃত্যু ও সাতজন আহত হওয়ার ঘটনাস্থল পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।
শফিকুল ইসলাম বলেন, মিরপুর কলেজের দেয়াল ধসের হতাহতের ঘটনায় রাজউক, গণপূর্ত ও সিটি কর্পোরেশনের সদস্যদের সমন্বয়ে একটি কমিটি তদন্ত গঠন করা হবে। কমিটির তদন্তের প্রতিবেদন প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশাসক বলেন, কোনো মৃত্যুই কাম্য নয়। আজকের ঘটনার জন্য আমি অত্যন্ত মর্মাহত। দেয়ালটি ২০১৪ সালে নির্মাণ করা হলেও এখানে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী দেওয়া হয়নি। এখানে আরসিসি করা হয়নি শুধু ইটের ওপর গাঁথুনি দিয়ে দেয়াল করা হয়েছে। এজন্য আজকে এই বড় দুর্ঘটনা ঘটে গেল।
ভবিষ্যতে যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে বাকি দেয়ালগুলো মজবুত করে করা হবে বলেও জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক জানান, টিসিবি পণ্য সংগ্রহের সময় যারা আহত হয়েছেন, তাদের আর্থিকভাবে সহায়তার চেষ্টা করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে আহতদের হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলিসহ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
এএসএস/এমএন
