ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ও সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সেলিম রায়হান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)- এর ট্রাস্টি বোর্ডের নতুন সদস্য হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত টিআইবি ট্রাস্টি বোর্ডের ১২৮তম সভা সূত্রে এসব তথ্য জানা গেছে। ড. সেলিম রায়হান আগামী তিন বছর বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রেস বিবৃতিতে টিআইবি জানায়, অধ্যাপক রায়হান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি গ্লোবাল ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (জিডিএন) পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের সম্মানসূচক সিনিয়র রিসার্চ ফেলো এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ‘Cutting Edge of Development Thinking’ কর্মসূচির একজন অ্যালামনাই।
ট্রাস্টি বোর্ড টিআইবির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম। বোর্ডের অন্যান্যদের মধ্যে রয়েছেন চেয়ারপারসন মানবাধিকারকর্মী ও ভাসমান হাসপাতাল ‘জীবন তরী’ এর উদ্যোক্তা মনসুর আহমেদ চৌধুরী এবং দ্য ডেইলি স্টার প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম কোষাধ্যক্ষ।
সদস্যরা হলেন- অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, ফিলিপ গাইন, বনশ্রী পাল, ফারুক আহমেদ, তাহেরা ইয়াসমিন ও ব্যারিস্টার মনজুর হাসান।
আরএম/এমএন
