বিজ্ঞাপন

অন্যের ব্যথা বুঝতে পারলেই গড়ে উঠবে মানবিক সমাজ : চট্টগ্রাম ডিসি

অন্যের ব্যথা বুঝতে পারলেই গড়ে উঠবে মানবিক সমাজ : চট্টগ্রাম ডিসি

অন্যের কষ্ট অনুভব করার মধ্য দিয়েই একজন মানুষ প্রকৃত মানুষে পরিণত হয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

তিনি বলেছেন, মানুষের মধ্যে দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা গড়ে না তুললে শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়।

মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষ্যে চট্টগ্রামের লালখান বাজারে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে আয়োজিত আলোচনা সভা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘হেপাটাইটিস: আসুন, বাধা ভেঙে এগিয়ে যাই’ প্রতিপাদ্যে লিভার কেয়ার সোসাইটি এ অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক বলেন, একটি সুস্থ সমাজ গঠনের কাজ শুরু হতে হবে পরিবার থেকেই। গর্ভধারণের সময় থেকে শিশুর বেড়ে ওঠার প্রতিটি ধাপে সচেতনতা ও দায়িত্ববোধ নিশ্চিত করা জরুরি। পরিবার ও সমাজের অবহেলার কারণে অনেক তরুণ মাদকাসক্ত হয়ে পড়ছে, যা অপরাধ বাড়ার পাশাপাশি বিভিন্ন জটিল রোগের বিস্তারেও ভূমিকা রাখছে।

তিনি বলেন, মানুষ যখন নিজের ব্যথা বোঝে, তখন সে জীবিত। আর যখন অন্যের ব্যথা বোঝে, তখন সে প্রকৃত মানুষ। সমাজের প্রতিটি ব্যক্তি যদি নিজের দায়িত্বের পাশাপাশি মানবিক দায়িত্ব পালন করেন, তাহলে অপরাধ, মাদকাসক্তি ও সামাজিক সংকট অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, পৃথিবীতে মানুষের প্রয়োজন মেটানোর মতো সম্পদ রয়েছে, কিন্তু মানুষের লোভ মেটানোর মতো সম্পদ নেই। তাই দায়িত্বশীলতা, সংযম ও মানবিক মূল্যবোধের চর্চা বাড়াতে হবে।

উচ্চশিক্ষার প্রসঙ্গ তুলে তিনি বলেন, শুধু বড় বড় ডিগ্রি অর্জন করলেই হবে না, সেই শিক্ষার প্রভাব সমাজে পড়তে হবে। যদি শিক্ষার মাধ্যমে অপরাধ, মাদকাসক্তি কিংবা রোগীর সংখ্যা কমানো না যায়, তাহলে সেই শিক্ষার প্রকৃত মূল্য প্রশ্নবিদ্ধ থেকে যায়।

স্বাস্থ্যসচেতনতার বিষয়ে জেলা প্রশাসক বলেন, প্রতিদিন লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত মানুষ সহায়তার জন্য তাঁর কাছে আসেন। এসব রোগ প্রতিরোধে খাদ্যাভ্যাস, জীবনযাপন ও সচেতনতার পরিবর্তন জরুরি।

সম্প্রতি চট্টগ্রাম জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযানের কথা উল্লেখ করে তিনি বলেন, ৬ হাজার ২০০ সরকারি কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে পরিচালিত অভিযানে সরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রাঙ্গণ থেকে ১৩৫ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে। দীর্ঘদিনের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে এসব বর্জ্য জমেছিল।

তিনি আরও বলেন, আমরা প্রায়ই অন্যের ভুল নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু নিজের দায়িত্ব পালন করছি কি না, তা নিয়ে আত্মসমালোচনা করি না। বাইরে আলোকিত করার পাশাপাশি নিজেদের ভেতরটাকেও আলোকিত করতে হবে।

অনুষ্ঠানে লিভার কেয়ার সোসাইটির সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মাহমুদ বলেন, দেশে আনুমানিক এক কোটি মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত। প্রতিবছর ২০ হাজারের বেশি মানুষ এ রোগে মারা যান। আক্রান্তদের প্রায় ৯০ শতাংশই নিজেদের রোগ সম্পর্কে জানেন না। লিভার সিরোসিস ও লিভার ক্যানসারের ৬০ থেকে ৭০ শতাংশ ক্ষেত্রে হেপাটাইটিস বি ভাইরাস প্রধান কারণ।

আলোচনা শেষে রোগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে চিকিৎসকেরা হেপাটাইটিস বি ও সি শনাক্তে প্রয়োজনীয় পরীক্ষা এবং সময়মতো চিকিৎসা গ্রহণের পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মোহাম্মদ একরাম হোসেন। সঞ্চালনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও লিভার কেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ডা. তারেক শামস। এতে চিকিৎসক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও লিভার রোগে আক্রান্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এমআর/বিআরইউ