চট্টগ্রাম নগরের আগ্রাবাদ জাম্বুরী পার্কের আধুনিকায়ন করা খেলার মাঠের নির্মাণকাজ শেষ পর্যায়ে। শিগগিরই মাঠটি উদ্বোধন করে নগরবাসীর জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার (২৮ জুলাই) আগ্রাবাদ জাম্বুরী পার্ক মাঠের উন্নয়নকাজের অগ্রগতি পরিদর্শনকালে মেয়র এ কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও নানা কারণে মাঠটি শিশু-কিশোরদের জন্য কার্যত অনুপযোগী হয়ে পড়েছিল। চসিকের উদ্যোগে মাঠটি পুনর্গঠন ও আধুনিকায়ন করা হয়েছে। যেহেতু এটি চসিকের আওতাধীন, তাই নগরবাসীর জন্য আবারও উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। মাঠটি চালু হলে শিশু, কিশোর, তরুণসহ সব বয়সী মানুষ খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ পাবেন।
তিনি বলেন, মাঠটির সুষ্ঠু পরিচালনা ও সংরক্ষণের জন্য একটি পরিচালনা কমিটি গঠন করা হবে। কমিটি মাঠের রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা নিশ্চিত করবে। খুব অল্প সময়ের মধ্যেই উদ্বোধনের তারিখ ঘোষণা করা হবে এবং নগরবাসীর অংশগ্রহণে মাঠটির উদ্বোধন করা হবে।
মেয়র বলেন, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই। শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে প্রতিটি ওয়ার্ডে নিরাপদ ও মানসম্মত খেলার মাঠ নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে।
তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর গত ২০ মাসে তিনি ৪১টি ওয়ার্ড পরিদর্শন করেছেন। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে ১১টি খেলার মাঠ উন্নয়ন ও প্রস্তুত করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি প্রায় ৩০টি মাঠের উন্নয়নকাজও সম্পন্ন করা হবে।
ডা. শাহাদাত হোসেন বলেন, একটি আধুনিক, সুস্থ ও মানবিক নগর গড়ে তুলতে শিশু-কিশোরদের খেলাধুলা, বিনোদন ও সামাজিক বিকাশের উপযোগী পরিবেশ নিশ্চিত করা চসিকের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যেই নগরবাসীর জন্য আরও উন্মুক্ত স্থান ও ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রকৌশল বিভাগের কর্মকর্তারা, মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ কামরুল ইসলাম এবং স্থানীয় ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।
এমআর/বিআরইউ
