বিজ্ঞাপন

রাজধানীতে দুই অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

রাজধানীতে দুই অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

রাজধানীর চকবাজার থানা এলাকায় ব্যাটারি চালিত দুই অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে দবির আহমেদ (৫০) নামে এক রিক্সা চালক নিহত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪ টার দিকে চকবাজার থানার আগে ঊর্ধ্ব রোড মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত দবিরের গ‍্যারেজ মালিক রতন বলেন, আমি স্থানীয়দের মাধ্যমে খবর পাই বিকেল ৪টার দিকে ঊর্ধ্ব রোড মসজিদের সামনে দুটি ব্যাটারি চালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দবির আহমেদ গুরুতর আহত হন। যে অটো রিকশার সঙ্গে দবিরের অটো রিকশাটির সংঘর্ষ হয় তার চালক দবিরকে ঢামেক হাসপাতালে নিয়ে এসে তাকে রেখে চলে যায়। আমি দ্রুত হাসপাতালে ছুটে গিয়ে দবিরের চিকিৎসা করাই। 

তিনি আরও বলেন, পরবর্তী সময়ে সে সুস্থ হয়ে উঠলে তাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেই কিন্তু বাসায় যাওয়ার পথে দবিরের অবস্থার অবনতি হলে আবার রাত ৮ টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ৮টার দিকে দবিরকে মৃত ঘোষণা করেন।  

রতন বলেন, দবিরের গ্রামের বাড়ি পাবনা জেলার ভাঙ্গুরা থানার অষ্টমনিষা গ্রামে। তিনি বর্তমানে কামরাঙ্গীরচরের মাহদীনগরে বসবাস করতেন। তার পিতার নাম সোহরাব প্রামানিক ।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

এসএএ/আরএফ