সিলেট মহানগরের তেলিবাজার বাইপাস এলাকায় নকল লেবেল ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে চিপস উৎপাদন ও বাজারজাতের অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সিলেট মেট্রোপলিটন এলাকার তেলিবাজার বাইপাস সংলগ্ন সুমন ফুড প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. পারভেজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি চিপস উৎপাদনে পোড়া তেল ব্যবহার করছে। এ ছাড়া, নিম্নমানের বিট লবণ অস্বাস্থ্যকর পরিবেশে খোলা বস্তায় সংরক্ষণ করা হচ্ছিল। নকল লেবেল ব্যবহার করে নোংরা পরিবেশে বিপুল পরিমাণ চিপস উৎপাদন ও বাজারজাতেরও প্রমাণ পাওয়া যায়।
এ ছাড়া, প্রতিষ্ঠানের ভেতরের পরিবেশ ছিল অপরিচ্ছন্ন। ট্রেড লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদনপত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। খাদ্যকর্মীরা খালি হাতে চিপস প্যাকেটজাত করছিলেন। তাদের হাতের নখও ছিল লম্বা ও অপরিষ্কার। খাদ্যপণ্য সরাসরি মেঝেতে সংরক্ষণ করতেও দেখা যায়।
এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সিলেট মেট্রোপলিটন কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা সৈয়দ সারফরাজ হোসেনের সমন্বয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং পুলিশের একটি দল অংশ নেয়।
এমএইচএন/এসএএস
