বিজ্ঞাপন

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, ৩ রেস্টুরেন্টকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, ৩ রেস্টুরেন্টকে জরিমানা

চট্টগ্রাম নগরের ওয়াসা এলাকায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে তিন রেস্টুরেন্টকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৯ জুলাই) দুপুরে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ। এতে অংশ নেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আজ দুপুরে নগরের ওয়াসা মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চরম অপরিচ্ছন্ন পরিবেশ এবং খাদ্যদ্রব্যে তেলাপোকা পাওয়ার অপরাধে হান্ডি রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া, আগের দিনের বাসি খাবার ও পুরাতন বেগুনি বিক্রি করার দায়ে জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশ ও পোড়া তেল ব্যবহার করার অপরাধে সিপি ফাইভ স্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার জন্য সতর্ক করা হয়েছে।

অভিযান শেষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের এই তদারকি কার্যক্রম চালানো হয়েছে। অপরিচ্ছন্ন পরিবেশ, বাসি খাবার ও পোড়া তেল ব্যবহারের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমআর/এসএএস

বিজ্ঞাপন