বিজ্ঞাপন

কোস্ট গার্ডের অভিযানে ১৭ লাখ টাকার পণ্য জব্দ, আটক ৬

কোস্ট গার্ডের অভিযানে ১৭ লাখ টাকার পণ্য জব্দ, আটক ৬

নোয়াখালীর ভাসানচরের গাংগুরিয়ার চর সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সার ও খাদ্যপণ্য জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি কার্গো বোটসহ ছয়জনকে আটক করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) কোস্ট গার্ড স্টেশন ভাসানচর গাংগুরিয়ার চর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযানে একটি সন্দেহভাজন কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১৭ লাখ ৪ হাজার ২৫০ টাকা মূল্যের ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার, ৩ হাজার ৭০০ কেজি ছোলা এবং ৬ হাজার ৮৫০ কেজি বুটের ডাল জব্দ করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটটি জব্দ এবং ছয়জন পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ড আরও জানায়, জব্দ করা মালামাল, কার্গো বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান ও সীমান্তবর্তী জলপথে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও চোরাচালান রোধে এ ধরনের অভিযান আরও জোরদারভাবে চালানো হবে।

এমআর/এসএএস