রাজধানীর আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে কম্বোডিয়াভিত্তিক মানব পাচার চক্রের অন্যতম মূল হোতা মো. শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা পৌনে ৮ টার দিকে আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার(এডিসি) নিয়াজ মেহেদী।
তিনি জানান, গ্রেপ্তার শাহাদাত বিমানবন্দর থানায় দায়ের করা মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি কম্বোডিয়ায় সক্রিয় একটি মানব পাচার চক্রের অন্যতম মূল হোতা।
শাহাদাত দীর্ঘদিন ধরে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে মানুষকে কম্বোডিয়ায় পাচারের সঙ্গে জড়িত ছিলেন। এ বিষয়ে আরও তথ্য সংগ্রহ এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
সিটিটিসি জানিয়েছে, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এসএএ/ এনটি
