আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের স্থাপিত আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল (নর্থ) বিদ্যুৎকেন্দ্র থেকে পুনর্নির্ধারিত লেভেলাইজড ট্যারিফ অনুযায়ী বিদ্যুৎ ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, এশীয় উন্নয়ন ব্যাংক এবং ইসলামিক উন্নয়ন ব্যাংকের আর্থিক সহযোগিতায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড বিদ্যুৎকেন্দ্রটি স্থাপন করে। কেন্দ্রটি ২০১৭ সালে বিদ্যুৎ উৎপাদন শুরু করে এবং ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে বিদ্যুৎ সরবরাহ করে আসছে।
বিদ্যমান লেভেলাইজড ট্যারিফ প্রতি কিলোওয়াট ঘণ্টায় পাঁচ টাকা চার পয়সার পরিবর্তে পুনর্নির্ধারিত ট্যারিফ পাঁচ টাকা ৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। বিদ্যুৎ খাতে অধিকতর গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের আলোকে এ ট্যারিফ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।
পুনর্নির্ধারিত ট্যারিফ কার্যকর হলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বছরে প্রায় ২৫ কোটি ১৭ লাখ টাকা সাশ্রয় হবে। এ ছাড়া বিদ্যুৎকেন্দ্রটির সঙ্গে চুক্তির অবশিষ্ট ১৬ বছর ১০ মাস ১০ দিনের মেয়াদে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের বিপরীতে মোট ২২ হাজার ৬১৮ কোটি ১২ লাখ টাকা পরিশোধ করতে হবে।
জানা গেছে, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড একটি সরকারি প্রতিষ্ঠান হওয়ায় বিদ্যুৎ বিক্রি থেকে অর্জিত লভ্যাংশ সরকারের লভ্যাংশ হিসেবে বিবেচিত হবে।
এনটি
