চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নারী নির্যাতন মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে পুলিশি হেফাজত থেকে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার বারশত ইউনিয়নের কালীবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে পরদিন বুধবার (২৯ জুলাই) বিষয়টি জানাজানি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারের উদ্দ্যেশ্যে আনোয়ারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বারশত কালীবাড়ি বাজারে যান। সেখানে বাজার করতে আসা মোহাম্মদ লোকমানকে (৪৮) আটক করেন তারা। লোকমান উপজেলার বারশত ইউনিয়নের গুন্দ্বীপ গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি উপজেলা বিএনপির সদস্য।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, লোকমানকে আটকের পর স্থানীয় কয়েকজন ব্যক্তি পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে হট্টগোলের মধ্যে হাতে হ্যান্ডকাফ পরা অবস্থায় লোকমানকে ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় গ্রাম পুলিশ সদস্য মো. শাহাবুদ্দিন বলেন, লোকমানকে পুলিশ আটক করেছিলেন। পরে সেখান থেকে তাকে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে বলে শুনেছি।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, পুলিশের সঙ্গে হট্টগোল সৃষ্টি করে লোকমানকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় কয়েকজন ব্যক্তি জড়িত ছিলেন। তাদের মধ্যে জুম্মা খান, জাহাঙ্গীর খান, আলী হোসেন, মো. আবু তৈয়ব, মো. শাহজাহান ও মুনছুরের নাম উল্লেখ করেন তারা। এ ছাড়া গোবাদিয়া, পশ্চিমচাল ও বারশত এলাকার আরও কয়েকজন ব্যক্তি এ ঘটনায় সহযোগিতা করেছেন বলেও অভিযোগ করেন স্থানীয়রা।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, পুলিশের একটি দল সেখানে গিয়েছিল। কিন্তু আসামিকে হাতেনাতে ধরা সম্ভব হয়নি। বিষয়টি যেভাবে প্রচার করা হচ্ছে, সেভাবে ঘটেনি। তিনি একজন ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এনটি
