বিজ্ঞাপন

জলবায়ু-ঝুঁকিপূর্ণ ১০ হাজারের বেশি অতিদরিদ্র নারী পেলেন জীবিকা সহায়তা

জলবায়ু-ঝুঁকিপূর্ণ ১০ হাজারের বেশি অতিদরিদ্র নারী পেলেন জীবিকা সহায়তা

দেশের জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর হতদরিদ্র ও নারীপ্রধান পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে স্থানীয় সরকার বিভাগ এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে ১২টি জেলার ১০ হাজারেরও বেশি নারী জীবিকা সহায়তা পেয়েছেন। 

টেকসই অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং দারিদ্র্য জয়ের লক্ষ্যে সুইডেন ও মারিকো সরকারের আর্থিক সহায়তায় এবং ইউএনডিপি’র কারিগরি সহযোগিতায় ‘স্বপ্ন-২’ প্রকল্পটি বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার বিভাগ। 

দেশের ৩২টি উপজেলার ২৮৩টি ইউনিয়ন পরিষদের ১০ হাজার ১৮৮টি অতিদরিদ্র পরিবার এই কর্মসূচির আওতাভুক্ত হয়েছে, যার মধ্যে বিধবা, তালাকপ্রাপ্তা, স্বামী পরিত্যক্তা এবং স্বামী অক্ষম এমন সুবিধাবঞ্চিত নারীরা রয়েছেন।

বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক জাতীয় কর্মশালায় ‘স্বপ্ন-২’ প্রকল্পের অর্থনৈতিক ক্ষমতায়ন ও জীবিকা সংক্রান্ত কার্যক্রমের ফলাফল উপস্থাপন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান বলেন, নারীদের দক্ষতা বৃদ্ধি, আর্থিক সেবা লাভ এবং মানসম্মত জীবিকার সুযোগ সম্প্রসারণে সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি উল্লেখ করেন, সরকারি, বেসরকারি ও উন্নয়ন সহযোগীদের শক্তিশালী অংশীদারিত্বের মাধ্যমে সঠিক দারিদ্র্য দূরীকরণ পদ্ধতি অনুসরণ করলে যে স্থায়ী রূপান্তর সম্ভব, তা এই প্রকল্পের সাফল্য থেকেই প্রমাণিত।

স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও ‘স্বপ্ন-২’ জাতীয় প্রকল্পের পরিচালক ড. মো. মনিরুল ইসলাম বলেন, জলবায়ু-ঝুঁকিপূর্ণ নারীদের জন্য কার্যকর সরকারি নীতি প্রণয়ন এবং ভবিষ্যতে নতুন কর্মসূচি নকশা করার ক্ষেত্রে এই প্রকল্পের তথ্য ও অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক এবং মূল্যায়নের ফলাফল উপস্থাপন করেন ইনোভেশন কনসালটিংয়ের পোর্টফোলিও উপদেষ্টা তাসমিয়াহ তাবাসসুম রহমান। 

/এমএসএ