জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (প্রথম সংশোধিত) প্রকল্পের পূর্ত কাজের নকশা, প্রাক্কলন ও তত্ত্বাবধানের দায়িত্বে থাকা পরামর্শক প্রতিষ্ঠানের সেবার মেয়াদ বাড়ানো হয়েছে। এ জন্য অতিরিক্ত ৬ কোটি ৭১ লাখ ২৯ হাজার ২৮৬ টাকা ব্যয় অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রস্তাবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) বাস্তবায়নাধীন এ প্রকল্পের পরামর্শক সেবার মেয়াদ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পরামর্শক প্রতিষ্ঠানের সংশোধিত চুক্তিমূল্য দাঁড়াবে ৮৯ কোটি ৮৫ লাখ ৯ হাজার ৫১ টাকা।
এর আগে ২০২৩ সালের ৫ জুন ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র অনুমোদনের পর প্রকল্পের নকশা, প্রাক্কলন ও তত্ত্বাবধানের জন্য যৌথ উদ্যোগের পরামর্শক প্রতিষ্ঠানকে ৮৩ কোটি ১৩ লাখ ৭৯ হাজার ৭৬৫ টাকায় নিয়োগ দেওয়া হয়। চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
প্রকল্পের মেয়াদ বৃদ্ধি এবং বিভিন্ন প্যাকেজের নকশা ও দরপত্র প্রণয়ন কার্যক্রম চলমান থাকায় পরামর্শক প্রতিষ্ঠানের সেবার মেয়াদ বাড়ানোর প্রয়োজন হয়। বর্তমানে প্রকল্পের ১৩টি প্যাকেজের কার্যচুক্তি চলমান রয়েছে, ৬টি কার্যক্রম মূল্যায়ন প্রক্রিয়ায় রয়েছে এবং ৯টি কার্যক্রয় প্যাকেজের নকশা ও দরপত্র প্রণয়ন কার্যক্রম চলমান রয়েছে।
পরামর্শক সেবার মেয়াদ বাড়ানোর এ প্রস্তাব মূল চুক্তিমূল্যের তুলনায় ৮ দশমিক শূন্য ৭ শতাংশ বেশি। পরিকল্পনা কমিশন চলতি বছরের ২৯ জানুয়ারি প্রকল্পটির প্রথম সংশোধিত প্রস্তাব অনুমোদন করে।
জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের মেয়াদ ২০২১ সালের ১ অক্টোবর থেকে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের শিল্পায়ন, বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমএম/জেআই
