বিজ্ঞাপন

রামপুরায় আলিফ পরিবহনের বাসে জীবন গেলো ফিজিশিয়ানের, বাসসহ আটক চালক

রামপুরায় আলিফ পরিবহনের বাসে জীবন গেলো ফিজিশিয়ানের, বাসসহ আটক চালক

রাজধানীর রামপুরায় চলন্ত বাসে যাত্রী তোলার সময় এক যাত্রী আলিফ এন্টারপ্রাইজের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে। পেশায় তিনি ফিজিশিয়ান ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত আলিফ পরিবহনের সংশ্লিষ্ট বাসসহ চালককে আটক করেছে রামপুরা থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) পৌনে ৬টার দিকে রামপুরা ব্রিজ পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, বাসটি মিরপুর থেকে স্টাফ কোয়ার্টারের উদ্দেশ্যে যাচ্ছিল। রামপুরা ব্রিজের ঢাল এলাকায় বনশ্রীমুখী সড়কে পৌঁছে এক যাত্রীকে চলন্ত অবস্থায় বাসে উঠানোর চেষ্টা করলে পা পিছলে যান এবং তিনি বাসের চাকার নিচে পড়ে পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তির কাছে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি শাহ খন্দকার সাজেদুল আলম (৫০)। তার পিতা শাহ খন্দকার নজরুল আলম এবং মাতা নূরুন নাহার আলম। তিনি ঢাকার সূত্রাপুর এলাকার বাসিন্দা এবং শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপে ফিজিশিয়ান হিসেবে কর্মরত।

দুর্ঘটনার পরপরই পুলিশ আলিফ এন্টারপ্রাইজের বাসটি জব্দ করে এবং চালক মো. সাব্বিরকে (২৭) আটক করে। তার পিতার নাম মো. খোকন এবং মাতার নাম মোছা. রোজি। তার স্থানীয় ঠিকানা ঝালকাঠী জেলার ঝালকাঠী থানার পালবাড়ি গ্রাম।

রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস ও চালক আটক করেছে। আটক বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব ১১-৮৪০৫। নিহত ব্যক্তি আকিজ গ্রুপের ফিজিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেইউ/আরএফ