বিজ্ঞাপন

ডিএনসিসি প্রশাসক

যারা জনসেবামূলক কাজ করবে তাদের কাউন্সিলার পদে সুপারিশ করা হবে

যারা জনসেবামূলক কাজ করবে তাদের কাউন্সিলার পদে সুপারিশ করা হবে

আগামী নির্বাচনকে সামনে রেখে যিনি এলাকায় কাজ করবেন এবং জনসেবামূলক সকল কর্মকাণ্ডের প্রমাণ দেখাতে পারবেন তাকে এলাকার কাউন্সিলার পদে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএনসিসি অঞ্চল-১ এর আওতাধীন উত্তরা এলাকার সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শুধু পদ-পদবি দিয়েই কাউন্সিলারের মনোনয়ন অনুমোদন দেবেন না। পদ পদবি থাকলে কাউন্সিলার হওয়া যায় না। জনগণের কাছাকাছি যেতে হবে এবং জনগণের জন্য কাজ করতে হবে। প্রধানমন্ত্রী জনগণের সরকার। তাই জনগণের সেবা আমাদের প্রধান ধর্ম। এলাকায় অনেক সমস্যা রয়েছে, আমরা সিটি করপোরেশনের পক্ষ হতে সকল সমস্যার সমাধানের চেষ্টা করছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে দীর্ঘ ১৭ বছর পর জনগণ ক্ষমতায় বসিয়েছেন এবং তিনি জনগণের সেবায় সর্বদা কাজ করে যাচ্ছেন, আমরাও তার অনুসারী হিসেবে কাজ করে যাব। ঢাকার কিছু কিছু জায়গায় পানির সমস্যা রয়েছে। আমরা ওয়াসার মাধ্যমে কয়েকটি জায়গায় পানির পাম্প স্থাপনের মাধ্যমে পানির সমস্যা সমাধানের চেষ্টা করছি এবং সফল হয়েছি।

শফিকুল ইসলাম খান বলেন, এখন আর মশার উপদ্রব তেমন দেখা যাচ্ছে না। এর প্রধান কারণ আমরা খাল পরিষ্কারের মাধ্যমে খালে মশার বংশবিস্তার রোধ করার চেষ্টা করেছি। জনগণের সহায়তা নিয়ে খাল পুনরুদ্ধার করে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে ডেঙ্গু মশামুক্ত করব। 

তিনি বলেন, হকারদের নিয়ে আমরা পরিকল্পনা মাফিক কাজ করে যাচ্ছি। হকারদের পূর্ণবাসনে আমরা যে জায়গা নির্ধারণ করেছিলাম, সে জায়গায় হকাররা না বসে পুনরায় আবার ফুটপাতে বসছে, এভাবে তো কাজ করা যায় না। হকার পূর্ণবাসনে হকার এবং জনগণের সহযোগিতার মাধ্যমে আমরা এ পরিস্থিতি সমাধান করতে পারব।

তিনি আরও বলেন, এলাকার রাস্তাঘাট সম্প্রসারণ ও লাইটিং সমস্যায় জনগণের সহায়তা নিয়ে কাজ করতে হবে। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করতে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবশ্যই এগিয়ে আসতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ এলাকার স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এএসএস/আরএফ