বিজ্ঞাপন

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ২২ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ২২ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রামের কোতোয়ালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। সরকারি শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা।

বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কোতোয়ালী থানাধীন কাজীর দেউরি এলাকার পার্সেল ও কুরিয়ার সার্ভিস এসএ পরিবহনের গাড়ি পার্কিং এলাকায় এ অভিযান চালানো হয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কাজীর দেউরির নূর আহম্মেদ রোডের এসএ পরিবহনের গাড়ি পার্কিং এলাকায় সরকারি শুল্ক ফাঁকি দিয়ে আনা বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট কেনা-বেচা চলছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭-এর একটি আভিযানিক দল সেখানে আকস্মিক অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ওই স্থান থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৮ হাজার ৫৯০ প্যাকেট অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার ও জব্দ করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি উদ্ধার করা হয়েছে ওরিস ব্র্যান্ডের সিগারেট, যার পরিমাণ ৪৭০টি কার্টুনে মোট ৪ হাজার ৭০০ প্যাকেট। এছাড়া জব্দকৃত অন্যান্য সিগারেটের মধ্যে রয়েছে ২৯৪টি কার্টুনে ২ হাজার ৯৪০ প্যাকেট প্যাট্রন, ৩৭টি কার্টুনে ৩৭০ প্যাকেট এসই লাইট, ২৩টি কার্টুনে ২৩০ প্যাকেট মেলানো ব্ল্যাক এবং ১৮টি কার্টুনে ১৮০ প্যাকেট ম্যানচেস্টার ব্র্যান্ডের সিগারেট। একই অভিযানে মন্ড সুপার স্লিমস ব্র্যান্ডের ১২টি কার্টুনে ১২০ প্যাকেট এবং মন্ড সিলভার ব্র্যান্ডের ৫টি কার্টুনে ৫০ প্যাকেট বিদেশি সিগারেটও জব্দ করে র‌্যাব।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত বিদেশি সিগারেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা। উদ্ধার করা এসব অবৈধ মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এমআর/আরএফ