রাজধানীর ফুলবাড়িয়া এলাকায় ট্রাফিক পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় ছিনতাই করা একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সুজন মিয়া (২২) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।
নিয়াজ মেহেদী বলেন, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে ট্রাফিক লালবাগ বিভাগের ফুলবাড়িয়া জোনের দায়িত্বরত এক ট্রাফিক সার্জেন্ট ফুলবাড়িয়া ক্রসিং এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় এক নারীর চিৎকার শুনে তিনি জানতে পারেন, এক ব্যক্তি ওই নারীর হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে ট্রাফিক সার্জেন্ট ছিনতাইকারীর পিছু নেন। পরে সিদ্দিক বাজার এলাকায় তাকে আটক করতে সক্ষম হন। এ সময় তার কাছ থেকে ভুক্তভোগীর ছিনতাই করা মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তিকে বংশাল থানায় হস্তান্তর করা হয়। একই সঙ্গে উদ্ধার হওয়া মোবাইল ফোনটি প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার সুজন মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এমএসি/এসএএস
