চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ জিল্লুর রহমান (৩০)। তার বাড়ি সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরলের বেড়ীবাঁধ এলাকায়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, উপজেলার সরল ইউনিয়নে মনছুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে মাছের ঘের ও লবণ মাঠের দখল নিয়ে বিরোধ ছিল। বৃহস্পতিবার রাতেও দুই পক্ষের তর্কাতর্কি হয় এবং এক পর্যায়ে লাঠি নিয়ে সংঘর্ষ ও গোলাগুলি হলে কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জিল্লুর রহমানকে মৃত ঘোষণা করেন।
এর আগে, সরল ইউনিয়নে ২০২৫ সালের ৬ অক্টোবর এবং ২৬ জুলাই দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান ঢাকা পোস্টকে বলেন, বাঁশখালীতে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার মরদেহ চমেক হাসপাতালে আছে। পুলিশ ঘটনাস্থলে আছে, আমরা ঘটনার সূত্রপাত সম্পর্কে জানার চেষ্টা করছি। একই সঙ্গে আমাদের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে।
এমআর/এসএএস
