গ্রাহকসেবার মানোন্নয়ন, সেবা প্রদান প্রতিশ্রুতি এবং অভিযোগ প্রতিকার ব্যবস্থা জোরদারে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর উদ্যোগে দুটি পৃথক স্থানে উঠান বৈঠক ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) হাসনাবাদ জোনাল অফিস ও রুহিতপুর সাব-জোনাল অফিসের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৩১ জুলাই) এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, হাসনাবাদ জোনাল অফিসের উদ্যোগে কোন্ডা ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন বিএনপির সভাপতি নুর হোসেন নুরুর সভাপতিত্বে উঠান বৈঠক ও গণশুনানি অনুষ্ঠিত হয়। একই দিনে রুহিতপুর ইউনিয়ন পরিষদে রুহিতপুর সাব-জোনাল অফিসের আয়োজনে গ্রাহকসেবা বিষয়ক আরেকটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকগুলোতে নিরবচ্ছিন্ন, নিরাপদ ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গ্রাহকদের সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি বিদ্যুৎ লাইনে গাছের ডালপালা, ছেঁড়া তার কিংবা অস্বাভাবিক শব্দ দেখা গেলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়।
এ ছাড়া ট্রান্সফরমার চুরি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, বিদ্যুৎ বিলে কোনো ধরনের অসংগতি দেখা দিলে তা দ্রুত জানানো, অবৈধ হুকিং ও বিদ্যুৎ চুরি বন্ধে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
নতুন বিদ্যুৎ সংযোগ ও লাইন নির্মাণের ক্ষেত্রে দালাল বা মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে সরাসরি অফিসের মাধ্যমে সরকারি রশিদে অর্থ জমা দিয়ে সেবা গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রি-পেইড মিটার সময়মতো রিচার্জ এবং নির্ধারিত সময়ে বিদ্যুৎ বিল পরিশোধের গুরুত্ব তুলে ধরা হয়।
বৈঠকে গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত, অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং সেবার মান আরও উন্নত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন কর্মকর্তারা। এছাড়া কোন্ডা এলাকায় ভবিষ্যতে লোডশেডিংমুক্ত ও আরও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নতুন উপকেন্দ্র নির্মাণের জন্য জমি অধিগ্রহণে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়।
ওএফএ/বিআরইউ
