চট্টগ্রামের ফটিকছড়িতে ধানের চারা রোপণের সময় জমিতে পড়ে থাকা ছেঁড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুস্তাকিম নেত্রকোনা জেলার বাসিন্দা রিয়াজ উদ্দিনের ছেলে। জীবিকার তাগিদে তিনি ফটিকছড়িতে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মুস্তাকিমসহ তিনজন শ্রমিক সন্ন্যাসীরহাট-সংলগ্ন চেয়ারম্যান শাহীনের বাড়ির সামনে একটি কৃষিজমিতে ধানের চারা রোপণ করছিলেন। এর আগে বিদ্যুতের একটি তার ছিঁড়ে জমির পানিতে পড়ে থাকলেও সেটি শ্রমিকদের নজরে আসেনি। কাজ করার একপর্যায়ে মুস্তাকিম বিদ্যুৎবাহী পানির সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সঙ্গে থাকা অপর দুই শ্রমিক অল্পের জন্য রক্ষা পান।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আজম বলেন, জমিতে বিদ্যুতের ছেঁড়া তার পড়ে ছিল। শ্রমিকরা বিষয়টি বুঝতে না পেরে কাজ শুরু করলে দুর্ঘটনাটি ঘটে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফটিকছড়ি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এমআর/বিআরইউ
