চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় একটি মন্দিরের পুকুর থেকে অরুণ জলদাশ (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এই মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে। জলদাশপাড়ার মজুমদারপাড়া কালি মন্দির সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত অরুণ জলদাশ আমিরাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জলদাশপাড়া এলাকার বাসিন্দা এবং পরশুরাম জলদাশের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়রা কালি মন্দিরের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
লোহাগাড়া থানার ওসি (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অরুণ জলদাশের মরদেহ উদ্ধার করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমআর/এসএএস
