ঢাকার বংশাল এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মো. তৌফিক ওরফে রাজা (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
তিনি জানান, শুক্রবার রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে বংশাল থানাধীন রায়সাহেব বাজার বিদ্যুৎ অফিসের সামনে চেকপোস্ট ডিউটির সময় তৌফিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
নিয়াজ মেহেদী আরও জানান, এ ঘটনায় বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার তৌফিক একটি মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তিনি বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে বংশালসহ ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।
এমএসি/জেআই
