বিজ্ঞাপন

কামরাঙ্গীরচরে ৭ দিনের ক্র্যাশ প্রোগ্রাম ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

কামরাঙ্গীরচরে ৭ দিনের ক্র্যাশ প্রোগ্রাম ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

ডেঙ্গু এবং মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় সাত দিনের বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

শুক্রবার (৩১ জুলাই) কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠে তিনি এ ঘোষণা দেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে আগামী সাত দিন কামরাঙ্গীরচরে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করা হবে। এ সময় প্রতিদিন মশকনিধন কার্যক্রম পরিচালিত হবে। তবে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়, নিজ বাসাবাড়ি, আঙিনা ও ড্রেনে যাতে কোথাও পানি জমে না থাকে, সে বিষয়েও নাগরিকদের সচেতন থাকতে হবে।

তিনি বলেন, কামরাঙ্গীরচর সড়ককে আট লেনে উন্নীত করার জন্য ইনার সার্কুলার রোড প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি কামরাঙ্গীরচরের সার্বিক চিত্রও বদলে যাবে।

আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নদীতে ময়লা-আবর্জনা ও পলিথিন ফেলা থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে নদী দখল রোধে স্থানীয় জনগণকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

এ সময় তিনি মাদক, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি রাস্তাঘাট, ড্রেন ও খেলার মাঠ দখলমুক্ত ও পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য কামরাঙ্গীরচর গড়ে তুলতে সবার সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

বক্তব্য শেষে ডিএসসিসি প্রশাসক কামরাঙ্গীরচর এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বুড়িগঙ্গা গণপাঠাগার প্রাঙ্গণ এবং বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় বৃক্ষরোপণ করেন তিনি।

এ সময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এএসএস/এমএন

বিজ্ঞাপন