বিজ্ঞাপন

চৌদ্দগ্রামে সবুজায়নে তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ

চৌদ্দগ্রামে সবুজায়নে তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কুমিল্লার চৌদ্দগ্রামে নেওয়া হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। স্থানীয় তরুণদের স্বেচ্ছাশ্রম ও প্রবাসীদের অর্থায়নে উপজেলার গুণবতী ইউনিয়নের চাঁপাচৌ গ্রামজুড়ে প্রায় ৩০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে গ্রামের বিভিন্ন সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ, খোলা স্থান ও জনসাধারণের ব্যবহৃত এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য গ্রাম গড়ে তোলাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্যোক্তা ছিলেন সামাজিক সংগঠক সাকিব হোসেন হৃদয়। তার আহ্বানে সাড়া দিয়ে দেশে-বিদেশে অবস্থানরত গ্রামের তরুণরা আর্থিক সহযোগিতা করেন। অন্যদিকে স্থানীয় যুবকেরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পুরো কর্মসূচি বাস্তবায়ন করেন।

কর্মসূচিতে গ্রামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা অংশ নিয়ে এ উদ্যোগের প্রতি সংহতি প্রকাশ করেন। 

তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন প্রকট হচ্ছে। এমন সময়ে ব্যক্তিগত বা সামাজিক উদ্যোগে বৃক্ষরোপণ শুধু পরিবেশ সংরক্ষণেই নয়, সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উদ্যোক্তা সাকিব হোসেন হৃদয় বলেন, প্রবাসে থাকা আমাদের ভাইদের আন্তরিক সহযোগিতা এবং গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া এত বড় কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হতো না। প্রায় এক মাস ধরে পরিকল্পনা, অর্থ সংগ্রহ, চারা সংগ্রহ এবং রোপণের প্রস্তুতি নেওয়ার পর আমরা সফলভাবে এ কর্মসূচি সম্পন্ন করতে পেরেছি।

তিনি আরও বলেন, গাছ লাগানোই শেষ নয়, এগুলোর পরিচর্যা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। প্রতিটি চারা যেন বড় হয়ে পরিবেশের জন্য উপকারী হয়ে ওঠে, সে লক্ষ্যেই আমরা নিয়মিত তদারকি করব। ভবিষ্যতেও আরও বড় পরিসরে বৃক্ষরোপণসহ পরিবেশ সংরক্ষণে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামের তরুণদের এমন উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে। বিশেষ করে প্রবাসী ও স্থানীয় মানুষের সমন্বয়ে পরিচালিত এ ধরনের সামাজিক কার্যক্রম গ্রামীণ উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তারা মনে করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী আব্দুল হানিফ, রকিব হুজুর, ছাত্রনেতা আরিফুল ইসলাম তুহিন, ব্যবসায়ী রিপন, অলি ব্যান্ডার, রিয়াদ হাসানসহ অন্যান্যরা।

এসএইচআর/জেআই

বিজ্ঞাপন