বিজ্ঞাপন

চট্টগ্রামে চোরাই কয়লা-গমের ভুষিসহ দুটি কাঠের বোট জব্দ

চট্টগ্রামে চোরাই কয়লা-গমের ভুষিসহ দুটি কাঠের বোট জব্দ

চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে চোরাই খনিজ কয়লা, গমের ভুষি ও চোরাচালানে ব্যবহৃত দুটি কাঠের বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (৩১ জুলাই) পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ এ অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় সন্দেহভাজন দুটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৬ হাজার টাকা মূল্যের ১ টন খনিজ কয়লা ও ৬০০ কেজি গমের ভুষি উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত দুটি কাঠের বোটও জব্দ করা হয়।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জড়িত চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা আলামত ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমআর/জেআই