ধর্ম, বর্ণ, জাতি বা সম্প্রদায়ের বিভেদ নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সহাবস্থানের মধ্য দিয়েই একটি সাম্যের চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, এ নগরী সবার। তাই উন্নয়ন ও নাগরিক সেবার ক্ষেত্রে কোনো বৈষম্যের সুযোগ নেই।
শুক্রবার (৩১ জুলাই) নগরের বাকলিয়ায় সৎসঙ্গ বিহার চট্টগ্রামে পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার ১৩৩তম শুভ আবির্ভাব দিবস এবং সৎসঙ্গ বিহার চট্টগ্রামের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, চট্টগ্রাম যুগে যুগে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এই ঐতিহ্যকে আরও শক্তিশালী করতে হলে পারস্পরিক শ্রদ্ধাবোধ, মানবিক মূল্যবোধ ও সহনশীলতার চর্চা বাড়াতে হবে। বিভেদ নয়, ঐক্যই হবে অগ্রযাত্রার শক্তি।
তিনি বলেন, একটি সভ্য সমাজ গড়ে তুলতে শুধু অবকাঠামোগত উন্নয়ন যথেষ্ট নয়; প্রয়োজন নৈতিকতা, মানবিকতা ও সামাজিক সংহতি। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলো মানুষের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা ও আত্মশুদ্ধির যে শিক্ষা দেয়, তা সমাজে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটি অন্তর্ভুক্তিমূলক নগর গড়ে তুলতে কাজ করছে। নাগরিক সেবার ক্ষেত্রে ধর্ম বা সম্প্রদায়ের ভিত্তিতে নয়, বরং সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই সিটি কর্পোরেশনের লক্ষ্য। এমন একটি চট্টগ্রাম গড়ে তুলতে হবে, যেখানে প্রত্যেক মানুষ মর্যাদা, নিরাপত্তা ও সমান সুযোগ নিয়ে বসবাস করতে পারবেন।
তিনি আরও বলেন, সম্প্রীতি ও পারস্পরিক বিশ্বাসের পরিবেশ বজায় থাকলে উন্নয়ন কার্যক্রমও আরও গতিশীল হয়। তাই সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী, বিএনপি নেতা নুরু হোসেন নুরু, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল এবং সৎসঙ্গ বাংলাদেশের সহ-সম্পাদক সুব্রত আদিত্য।
অধ্যাপক প্রদীপ কুমার দেবের সভাপতিত্বে এবং মোহন সেন গুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানে সৎসঙ্গের আদর্শ, মানবকল্যাণ, সম্প্রীতি ও আধ্যাত্মিক মূল্যবোধ নিয়ে আলোচনা করা হয়। এতে বিভিন্ন ধর্ম-বর্ণের ভক্ত, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
এমআর/এমএন
