চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল সংযোগ সড়কে ২০ থেকে ২৫টি মোটরসাইকেল নিয়ে ‘রাইড শো’ করার সময় একটি প্রাইভেট কারের ধাক্কায় দুই যুবক আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে কর্ণফুলী টানেল সড়কের চায়না রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার ছুটির দিন হওয়ায়, কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (কেইপিজেড) শ্রমিকবাহী বাস চলাচল বন্ধ থাকায়, রাস্তা ফাঁকা পেয়ে এই রাইড শোয়ের আয়োজন করা হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আহত দুজন হলেন, নয়ন আহমেদ (১৯) ও সাগর (২১)। তারা দুজনেই উপজেলার বৈরাগ ইউনিয়নের বাসিন্দা এবং ‘এক্সট্রিম রাইডার্স’ নামের একটি বাইকার দলের সদস্য। দুর্ঘটনার একদিন আগে নয়ন তার ফেসবুক অ্যাকাউন্টে রাইড শোয়ের আমন্ত্রণ জানিয়ে লিখেছিলেন, ‘শুক্রবার বিকাল ৩টায় আমরা ‘এক্সট্রিম রাইডার্স’ আসতেছি টানেলে দেখা হচ্ছে সবার সাথে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল তিনটার দিকে ‘এক্সট্রিম রাইডার্স’ দলের ২০ থেকে ২৫ জন তরুণ অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী এক্সহাস্ট পাইপ ব্যবহার করে উচ্চস্বরে মোটরসাইকেল চালিয়ে টানেল সংযোগ সড়কে বেপরোয়া গতিতে মহড়া দিতে থাকেন। তাদের বিকট শব্দ ও বেপরোয়া চলাচলে সাধারণ পথচারী ও অন্য চালকেরা চরম অস্বস্তিতে পড়েন। একপর্যায়ে পেছন থেকে একটি দ্রুতগামী প্রাইভেট কার তাদের ওভারটেক করার চেষ্টা করলে নয়নের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে স্থানীয় লোকজন ও সঙ্গীরা তাদের উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দলটির তরুণেরা উচ্চস্বরে মোটরসাইকেল চালিয়ে মহড়া দিচ্ছেন এবং পেছনের একটি গাড়ি ওভারটেক করার সময় ধাক্কা লাগলে নয়ন ছিটকে পড়েন। গুরুত্বপূর্ণ ও কৌশলগত একটি সড়কে এ ধরনের বিপজ্জনক বাইক শোয়ের আয়োজন নিয়ে সচেতন মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
আহত সাগরের বাবা আবু তালেব বলেন, তারা ১০-১৫ জন মিলে গতকালের দুর্ঘটনার ঘটনাস্থল দেখতে গিয়েছিল এবং টানেল রোডে ঘোরাফেরা করছিল। এ সময় পেছন থেকে একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দিয়ে চলে যায়। সাগরের বন্ধু নয়নের মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছিল, পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইকবাল হোসেন বেলাল বলেন, আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে নয়নের মাথায় গুরুতর আঘাত থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয় এবং অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মজনু মিয়া ঢাকা পোস্টকে বলেন, টানেলের মতো একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সড়কে এ ধরনের বাইক রাইড কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি আমাদের নজরে এসেছে। এ ধরনের বিশৃঙ্খলা ও বেপরোয়া আচরণকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে গত বছরের ২২ আগস্ট কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তের সড়কে হেলমেট ছাড়াই এক যুবকের ঝুঁকিপূর্ণ বাইক স্ট্যান্ট ও কসরতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে চলন্ত মোটরসাইকেলের ওপর দাঁড়িয়েও স্ট্যান্ট করতে দেখা যায় ওই যুবককে।
জেআই
