বিজ্ঞাপন

ভবিষ্যতের এমপি-কর্মকর্তা হতে এখন থেকেই প্রস্তুতির আহ্বান সংসদ সচিবের

ভবিষ্যতের এমপি-কর্মকর্তা হতে এখন থেকেই প্রস্তুতির আহ্বান সংসদ সচিবের

আগামী দিনে দেশের নেতৃত্ব দিতে, জাতীয় সংসদ সদস্য কিংবা সংসদ সচিবালয়ের কর্মকর্তা হতে হলে এখন থেকেই তরুণদের নিজেকে যোগ্য করে প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া।

শনিবার (১ আগস্ট) সংসদ ভবনের উত্তর প্লাজার কনফারেন্স রুমে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতার উদ্বোধনকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এ আহ্বান জানান।

‘তারুণ্যের শক্তি, জুলাই গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক এই প্রতিযোগিতায় রাজধানীর বিভিন্ন স্বনামধন্য স্কুল ও কলেজের নবম থেকে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া। এ সময় তিনি প্রতিযোগীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।

সচিব প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা ও ধন্যবাদ জানান। তিনি শিক্ষার্থীদের শুদ্ধ ভাষা চর্চা, সঠিক ব্যাকরণের প্রয়োগ, বাক্যের যথাযথ ব্যবহার এবং মার্জিত শব্দ চয়নের প্রতি বিশেষ যত্নবান হওয়ার পরামর্শ দেন। অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলার তাগিদ দিয়ে তিনি বলেন, রচনার বিষয়বস্তুকে অহেতুক কঠিন না করে সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করাই বুদ্ধিমত্তার পরিচয়।

ভবিষ্যৎ নেতৃত্ব গড়ার আহ্বান জানিয়ে ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের তরুণদের মধ্য থেকেই কেউ আগামী দিনে জাতীয় সংসদ সদস্য কিংবা সংসদ সচিবালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তা হিসেবে দেশকে নেতৃত্ব দেবে। তাই সেই লক্ষ্য অর্জনে ছোটবেলা থেকেই নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। এর পাশাপাশি কেবল মেধা নয়, ভালো শিক্ষার্থী হওয়ার সঙ্গে সঙ্গে একজন ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার ওপরও তিনি জোর তাগিদ দেন।

এসআর/এসএম

বিজ্ঞাপন