বিজ্ঞাপন

আগামী সপ্তাহে ঢাকায় আসবে মার্কিন বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল

আগামী সপ্তাহে ঢাকায় আসবে মার্কিন বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল

আগামী সপ্তাহে মার্কিন বিনিয়োগকারী একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে বলে জা‌নি‌য়ে‌ছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। 

শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সার্জিও গর বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তার অফিসে একটি খুব ভালো বৈঠক শেষ করেছি। যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মান দেয়। আমরা বাংলাদেশের জন্য আমাদের ট্রাভেল অ্যাডভাইজরি কমিয়ে দিয়েছি, যাতে মানুষকে পর্যটক হিসেবে এবং বিনিয়োগে আগ্রহী হিসেবে এখানে আসতে উৎসাহিত করা যায়।

তিনি বলেন, আগামী সপ্তাহে বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী মার্কিন কোম্পানিগুলোর একটি প্রতিনিধি দল সফর করতে আসবে। আমরা যে বার্তাটি নিশ্চিত করতে চাই তা হচ্ছে, আমাদের দুই পক্ষের মধ্যে অবিশ্বাস্য সম্ভাবনা রয়েছে। আর সেটা ওষুধ শিল্পের সঙ্গে বা অন্য কোনো কিছুর সঙ্গে সম্পর্কিত হোক না কেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসঙ্গে অনেক কিছু করতে পারে। আমরা এ সম্পর্ক তৈরি করতে এবং পরবর্তী স্তরে যাওয়ার অপেক্ষায় রয়েছি।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সামাজিক যোগা‌যোগ মাধ‌্যম এক্সে এক পো‌স্টে সার্জিও গর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং আমাদের অংশীদারিত্ব আরও দৃঢ় করার জন্য বিদ্যমান চমৎকার সুযোগগুলো নিয়ে আলোচনা করেছি। এটি যুক্তরাষ্ট্রের একটি অগ্রাধিকার এবং একসঙ্গে কাজ করলে আমরা বাস্তব সাফল্য অর্জন করতে পারব।

এনআই/আরএফ