আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উপ-মহাপরিচালক (অপারেশনস) উগোচি ড্যানিয়েলস চার দিনের সফরে শনিবার (১ আগস্ট) ভোরে ঢাকায় পৌঁছেছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য আইওএমের আঞ্চলিক পরিচালক ইওরি কাতো, বাংলাদেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক এবং আইওএম বাংলাদেশের চিফ অব মিশন লরা টম বন্দ।
সফরকালে উগোচি ড্যানিয়েলস বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, উন্নয়ন অংশীদার এবং আইওএমের সহায়তাপ্রাপ্ত বিভিন্ন জনগোষ্ঠীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
তার কর্মসূচির মধ্যে রয়েছে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন বিষয়ক বৈশ্বিক চুক্তির (জিসিএম) আওতায় বাংলাদেশের জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধনে অংশগ্রহণ, কক্সবাজার ও মাদারীপুর সফর, এবং অভিবাসন সুশাসন, জলবায়ুজনিত মানব চলাচল, শ্রম অভিবাসন, সুরক্ষা এবং মানবিক সহায়তা বিষয়ক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ।
এনআই/এসএম
