জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে শিক্ষার্থীদের দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্র, জাতীয়তাবাদ ও সার্বভৌমত্ব রক্ষার এক ঐতিহাসিক অধ্যায়। এ চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ধারণ ও লালন করতে হবে।
শনিবার (১ আগস্ট) চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) অডিটোরিয়ামে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাঈদ আল নোমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বিশেষভাবে চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম, ফারুক, ফজলে রাব্বি, ফরহাদ, হৃদয় চন্দ্র তাড়ুয়া ও তানভীরের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ কেবল ইতিহাসের অংশ নয়, বরং আগামী প্রজন্মের জন্য দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগের এক অনন্য প্রেরণা। তাদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
বিশ্ববিদ্যালয়কে আলোকিত মানুষ ও জ্ঞান সৃষ্টির কেন্দ্র উল্লেখ করে সংসদ সদস্য বলেন, গবেষণা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং দেশপ্রেমের সমন্বয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে হবে। তিনি সিভাসুর গবেষণা ও শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন এবং বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি মিউজিয়ামকে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করে চট্টগ্রামের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়মিত মিউজিয়ামটি পরিদর্শনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দেশের প্রয়োজন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অতীতের মতো ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা চলমান থাকবে। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম, সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
সিভাসুর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুতফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে রেখে জাতীয় ঐক্য, গণতন্ত্র, আইনের শাসন ও দেশের স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষা, গবেষণা ও সুশাসনের মাধ্যমে আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সভায় সিভাসুর ছাত্রকল্যাণ সংসদের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল আলম স্বাগত বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুল হক। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এমআর/আরএফ
