বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, রাষ্ট্র ও ক্ষমতাবানকে প্রশ্ন করা এবং তাদের জবাবদিহির মধ্যে রাখাই সাংবাদিকতার মূল দায়িত্ব। এটি গণতন্ত্রকে শক্তিশালী করে, জনগণের অধিকার রক্ষা করে এবং সমাজে স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।
রোববার (২ আগস্ট) গাজীপুর জেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজিত সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
কাদের গনি চৌধুরী বলেন, সত্য বলার সাহসিকতাই সাংবাদিকতার মূলমন্ত্র। গণমাধ্যমের জন্য সৎ, সত্যনিষ্ঠ ও পক্ষপাতমুক্ত সাংবাদিকতা প্রয়োজন। তবে বাস্তবতা হলো, দেশে দলবাজি, অপসাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা ও তথ্যসন্ত্রাসের কারণে সাংবাদিকতার মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশ্নে কোনো আপস করা যাবে না।
তিনি বলেন, একটি আদর্শ গণমাধ্যম কোনো রাজনৈতিক দল, গোষ্ঠী, সরকার, বিদেশি রাষ্ট্র বা কোনো সংস্থার কাছে দায়বদ্ধ নয়, তাদের দায়বদ্ধতা কেবল দেশের জনগণের কাছে। গণমাধ্যমের পরাজয় মানে জনগণের পরাজয়, আর জনগণের পরাজয় মানে রাষ্ট্রের পরাজয়।
বিএফইউজের মহাসচিব বলেন, বাংলাদেশের গণমাধ্যম দীর্ঘদিন ধরে নানা সংকটে রয়েছে। তার ভাষ্য, অতীতে গণমাধ্যমের একটি অংশ জনগণের পরিবর্তে ক্ষমতাসীনদের প্রতি অনুগত ভূমিকা পালন করায় জনগণের সঙ্গে গণমাধ্যমের দূরত্ব তৈরি হয়েছে। এ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জনগণের স্বার্থে স্বাধীন ও জবাবদিহিমূলক সাংবাদিকতা চর্চা করতে হবে।
গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাসসের ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন সবুজ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম বক্তব্য দেন।
এমএইচএন/জেআই
