বিজ্ঞাপন

মোহাম্মদপুর-কেরানীগঞ্জে র‍্যাবের অভিযান

দুটি মেশিনসহ ১৭ কেজি ইয়াবার কাঁচামাল জব্দ, ডিলারসহ আটক কেমিস্ট

দুটি মেশিনসহ ১৭ কেজি ইয়াবার কাঁচামাল জব্দ, ডিলারসহ আটক কেমিস্ট

রাজধানীর মোহাম্মদপুর ও ঢাকা জেলার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির দুটি মেশিন, বিপুল পরিমাণ কাঁচামাল ও প্রস্তুত ইয়াবা উদ্ধার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাব। এ ঘটনায় এক ইয়াবা ডিলার এবং ইয়াবা তৈরির সঙ্গে জড়িত এক কেমিস্ট কাম ডিলারকে আটক করেছে র‍্যাব-২ এর একটি দল।

র‍্যাব-২ জানায়, অভিযানে ইয়াবা তৈরির দুটি মেশিন, প্রায় ১৭ কেজি ইয়াবা তৈরির কাঁচামাল এবং ৩১ হাজার ২৭২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-২ এর অধিনায়ক(সিও) অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, এ বিষয়ে বিস্তারিত জানাতে সোমবার (৩ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জে অবস্থিত অভিযানে শনাক্ত হওয়া অবৈধ ইয়াবা তৈরির কারখানায় নিয়ে যাওয়া হবে। সেখানে অভিযান, উদ্ধার হওয়া আলামত, আটক ব্যক্তিদের পরিচয় এবং চক্রটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।

প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে, রাজধানী ও আশপাশের এলাকায় সরবরাহের উদ্দেশ্যে স্থানীয়ভাবে ইয়াবা তৈরির একটি চক্র সক্রিয় ছিল। 

উল্লেখ্য যে, এর আগে গত ৩০ জুলাই ঢাকার কেরানীগঞ্জে একটি ইয়াবা তৈরির কারখানায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কাঁচামাল ও যন্ত্রপাতিসহ চারজনকে গ্রেপ্তার করে র‍্যাব-১০।

গ্রেপ্তাররা হলেন, আলমগীর ওরফে আন্ডে (৪০), মো. আলী আরমান (৩৬), মো. শাহজাহান (৪০) ও সোনিয়া (৩০)।

র‍্যাব বলছে, ইয়াবা তৈরিতে ব্যবহৃত এসব কাঁচামালগুলো বৈধ এবং বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। তবে এই চক্র সেগুলো ব্যবহার করে ইয়াবা উৎপাদনের পদ্ধতি তৈরি করেছে। 

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে র‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তার আসামিদের মধ্যে আলমগীরের বিরুদ্ধে ঢাকার রামপুরা, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে। তারা সবাই পেশাদার মাদক ব্যবসায়ী। 

গ্রেপ্তাররা দুই বছর ধরে এই কাজে যুক্ত বলে জানিয়ে তিনি বলেন, তাদের জিজ্ঞাসাবাদে ঢাকায় আরো কারখানা থাকার ইঙ্গিত পাওয়া গেছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইয়াবা তৈরিতে ব্যবহৃত কাঁচামালগুলো বৈধ এবং বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। তবে এই চক্র সেগুলো ব্যবহার করে ইয়াবা উৎপাদনের পদ্ধতি তৈরি করেছে। চক্রটি কামরাঙ্গীরচর ও পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকায় তাদের ব্যবসার নেটওয়ার্ক পরিচালনা করতো। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

জেইউ/জেআই