চট্টগ্রামের বোয়ালখালীতে ২০ হাজার টাকার বিনিময়ে নিজের গর্ভজাত এক মাস বয়সী কন্যাশিশুকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। পরে শিশুটির দাদীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে হাটহাজারী উপজেলার বড়দিঘির পাড় এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
জানা যায়, বোয়ালখালী উপজেলার পূর্ব চরণদ্বীপের সফি মেম্বার বাড়ির মো. ওসমানের ছেলে সিএনজি অটোরিকশাচালক মো. রাকিব (১৮) একই এলাকার রোকসানা বেগমকে (১৮) বিয়ে করেন। গত ২০ জুন তাদের সংসারে একটি কন্যাশিশুর জন্ম হয়। এরপর সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান রোকসানা।
রাকিবের মা ফিরোজা বেগম বলেন, বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার পর গত ২৭ জুলাই তাকে জানানো হয়, তার নাতনি মারা গেছে এবং তাকে (শিশু) দাফন করা হয়েছে। পরদিন বিকেলে বিষয়টি জানতে ওই বাড়িতে গেলে রোকসানার পরিবারের লোকজন বিভিন্ন ধরনের কথা বলতে থাকেন। কবর দেখাতে বললেও তারা তা দেখাতে পারেননি।
পরে বিষয়টি নিয়ে ফিরোজা বেগম থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ শিশুটিকে উদ্ধারের অভিযান শুরু করে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, তদন্তে নেমে হাটহাজারী উপজেলার বড়দিঘির পাড় এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। শিশুটি একটি নিঃসন্তান পরিবারের কাছে ছিল। আজ রোববার সকালে আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে তার মা-বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এমআর/আরএফ
