গত ৩০ ও ৩১ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খানকে সঙ্গে নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। যেসব স্থানে কোনো ত্রুটি কিংবা সমস্যা দেখেছেন, তা দ্রুত সংস্কার ও সমাধানের জন্য ডিএনসিসি সংশ্লিষ্ট বিভাগগুলোকে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
রোববার (২ আগস্ট) ডিএনসিসি নগরভবনে প্রশাসকের সভা কক্ষে আয়োজিত বিভাগীয় প্রধান ও আঞ্চলিক নির্বাহীদের এক সভায় এ নির্দেশনা প্রদান করেন।
সভায় প্রশাসক জানান, প্রধানমন্ত্রী ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকার ময়লা ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং নগর ব্যবস্থাপনার সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শনে করেছেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনের রুট ছিল– রাজধানীর ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা সেক্টর ৩, ৪, ৫ ও ৬, এয়ারপোর্ট রোড হয়ে কাকলী মোড়, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট, মোহাম্মদপুর, সলিমুল্লাহ রোড, ইকবাল রোড, তাজমহল রোড, জাপান গার্ডেন সিটি, শ্যামলী মোড়, গণভবন মোড়, জিয়া উদ্যান, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, কচুক্ষেত, ক্যান্টনমেন্ট, সৈনিক ক্লাব, কাকলী ও বনানী।
প্রশাসক বলেন, পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। বিভিন্ন স্থানে তিনি বিদ্যমান সমস্যা চিহ্নিত করেন এবং কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
আজকে সভায় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনের যেসব এলাকায় সমস্যা চিহ্নিত করা হয়েছে, সেগুলো দ্রুত সমাধানের লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ নেওয়া সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তা বাস্তবায়নের নির্দেশনা দেন প্রশাসক।
সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানসহ সকল বিভাগীয় প্রধান ও নির্বাহী প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।
এএসএস/জেআই
