বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মোহাম্মদ রাশেদুল হক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
রোববার (১ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
গত ২৩ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে গ্রেড-২ মর্যাদায় চুক্তিভিত্তিক এ দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী সময়ে ৩০ জুলাই তিনি বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলামের (অতিরিক্ত সচিব) স্থলাভিষিক্ত হয়ে দায়িত্বভার গ্রহণ করেন।
মোহাম্মদ রাশেদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি প্রায় ১৭ বছরের অধিক সময় ধরে কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ অস্ট্রেলিয়ায় অতিবাহিত করেন। এ সময়ে তিনি আন্তর্জাতিক যোগাযোগ, বহুসাংস্কৃতিক কর্মপরিবেশ এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে নিবিড়ভাবে কাজ করার মাধ্যমে সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন করেন।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক এবং বিশেষ সহকারী হিসেবে বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি বোয়েসেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নীতিমালা অনুসরণ করে নিরাপদ, বৈধ, স্বচ্ছ ও ব্যয়-সাশ্রয়ী বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিতকরণে বোয়েসেলের কার্যক্রমকে আরও আধুনিক, গতিশীল ও সেবাগ্রহীতা বান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।
তিনি আরও বলেন, সরকারের নীতি ও অগ্রাধিকার অনুযায়ী বিদেশে অধিকসংখ্যক দক্ষ কর্মী প্রেরণ, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আন্তর্জাতিক শ্রমবাজার সম্প্রসারণ এবং বৈদেশিক রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে বোয়েসেলের ওপর অর্পিত দায়িত্ব ও বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার যথাযথভাবে বাস্তবায়নে তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।
সরকারি উদ্যোগে নিরাপদ, সুশৃঙ্খল ও দক্ষ জনশক্তি বিদেশে প্রেরণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে বোয়েসেলকে আরও কার্যকর ও আধুনিক প্রতিষ্ঠানে পরিণত করাই হবে তার অন্যতম অঙ্গীকার। এ লক্ষ্য অর্জনে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহ, আন্তর্জাতিক অংশীদার এবং গণমাধ্যমের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, বোয়েসেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন একমাত্র রাষ্ট্রায়ত্ত আন্তর্জাতিক জনশক্তি প্রেরণকারী প্রতিষ্ঠান।
এনআই/আরএফ
