রাজধানীতে গত জুলাই মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের পরিচালিত সংক্ষিপ্ত বিচার আদালতে ৫ হাজার ৮৯০টি ফৌজদারি এবং ৩ হাজার ৪১৭টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে।
এ সময় ফৌজদারি মামলায় ৬ হাজার ৮৬১ জনকে কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি অর্থদণ্ড আদায় করা হয়েছে ২৩ লাখ ৪৬ হাজার ১২০ টাকা।
সোমবার (৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ডিএমপির আইন কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আতাউল হক।
তিনি জানান, জুলাই মাসে মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগের মোট ৫ হাজার ৮৯০টি ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়। এসব মামলায় ধৃত আসামির সংখ্যা ছিল ১০ হাজার ৪৩৭ জন। কারাদণ্ডপ্রাপ্ত আসামির সংখ্যা ৬ হাজার ৮৬১ জন। এছাড়া অর্থদণ্ড হিসেবে আদায় করা হয়েছে ২৩ লাখ ৪৬ হাজার ১২০ টাকা এবং নিলাম ও বাজেয়াপ্ত বাবদ আদায় হয়েছে ২ লাখ ৫৮ হাজার ২৩০ টাকা।
মোহাম্মদ আতাউল হক জানান, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে জুলাই মাসে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ডিএমপি পুলিশের যৌথ উদ্যোগে ৩৩টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, একই সময়ে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর অধীনে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় ১ হাজার ৩৪০টি মামলা দায়ের করা হয়। তবে জুলাই মাসে মোট ৩ হাজার ৪১৭টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে। এসব মামলায় ৮ লাখ ২ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
ডিএমপির এই কর্মকর্তা বলেন, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের তাৎক্ষণিক বিচার কার্যক্রমের ফলে বিচার বিভাগের প্রতি নগরবাসীর আস্থা বাড়ছে। একই সঙ্গে অপরাধীদের মধ্যে আইনের প্রতি ভীতি সৃষ্টি হচ্ছে, যা রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।
এমএসি/এমএসএ
