বিজ্ঞাপন

পেস্ট বানিয়ে স্বর্ণ পাচারকালে দুবাই ফেরত যাত্রী আটক

পেস্ট বানিয়ে স্বর্ণ পাচারকালে দুবাই ফেরত যাত্রী আটক

স্বর্ণকে পেস্টে রূপান্তর করে অভিনব কৌশলে দেশে পাচারের চেষ্টাকালে দুবাই ফেরত এক বাংলাদেশি যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। 

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযানকালে প্রায় ৩ কোটি টাকা মূল্যের দেড় কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কাস্টমস গোয়েন্দা। 

কাস্টমস গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৪৮-এ আসা যাত্রী মোহাম্মদ তুসারকে (৩৩) নজরদারিতে রাখা হয়। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দিঘলগাঁও এলাকার বাসিন্দা। বিমানবন্দরে অবতরণের পর সিআইআইডির তথ্যের ভিত্তিতে ডিজিএফআই, এনএসআই এবং কাস্টম হাউসের কর্মকর্তাদের সমন্বয়ে যৌথ তল্লাশি চালানো হয়। একপর্যায়ে তার অন্তর্বাসের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণের পেস্ট ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

অভিযানে প্যাকিং উপকরণসহ প্রায় ১ হাজার ৪০০ গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণের পেস্ট এবং ৫টি স্বর্ণের চুড়িসহ প্রায় ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ১ হাজার ৫০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। যাত্রীর পাসপোর্ট, একটি রেডমি মোবাইল ফোন এবং বোর্ডিং পাসও জব্দ করা হয়েছে।

প্রাথমিক তদন্তে কাস্টমস গোয়েন্দার ধারণা, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিতে স্বর্ণকে পেস্টে রূপান্তর করে অন্তর্বাসের ভেতরে লুকিয়ে আনা হয়েছিল। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত সমন্বিত অভিযানে সেই কৌশল ব্যর্থ হয়।

ঘটনায় কাস্টমস আইন, ২০২৩, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭, আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ আইন, ১৯৫০, আমদানি নীতি আদেশ এবং বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

গত ১ আগস্ট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেই আন্ডারওয়্যারের ভেতরে ক্যাপসুলসদৃশ আকৃতিতে লুকিয়ে আনা প্রায় এক কোটি টাকা মূল্যের স্বর্ণসহ এক ভারতীয় যাত্রীকে আটক করেছিল কাস্টমস গোয়েন্দা। 

আরএম/জেডএস