বিজ্ঞাপন

ক্যান্সার আক্রান্ত যুবদল নেতাকে দেখতে গিয়ে লাখ টাকা সহায়তা চসিক মেয়রের

ক্যান্সার আক্রান্ত যুবদল নেতাকে দেখতে গিয়ে লাখ টাকা সহায়তা চসিক মেয়রের

ক্যান্সারে আক্রান্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আব্বাস উদ্দীনকে দেখতে হাসপাতালে গেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় মেয়রের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য নগদ ১ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়।

সোমবার (৩ আগস্ট) দুপুরে তিনি নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে যান এবং চিকিৎসাধীন এই নেতার চিকিৎসার খোঁজ-খবর নেন। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, যুবদল নেতা আব্বাস উদ্দীন দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। বর্তমানে তিনি মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন। মেয়র ডা. শাহাদাত হোসেন তার শয্যাপাশে কিছু সময় কাটান এবং কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে তার সর্বশেষ শারীরিক অবস্থার বিবরণ শোনেন।

অসুস্থ নেতার পাশে দাঁড়িয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আব্বাস উদ্দীন রাজপথের একজন লড়াকু ও ত্যাগী সৈনিক। তিনি কঠিন ব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করছেন। এ কঠিন সময়ে তাকে একা ছেড়ে দেওয়া যায় না। রাজনীতির ঊর্ধ্বে উঠে একজন সহযোদ্ধা ও চিকিৎসক হিসেবে মানবিক দায়িত্ববোধ থেকেই আজ আমি তার পাশে এসে দাঁড়িয়েছি।’

মেয়র আরও বলেন, আব্বাস উদ্দীনের চিকিৎসায় ব্যক্তিগত পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। একইসঙ্গে তিনি নগরবাসীকে এই নেতার দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করার আহ্বান জানান।

পরিদর্শনকালে চসিক মেয়র যুবদল নেতার সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

মেয়রের পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, কমিটির সদস্য তরিকুল ইসলাম তানভীর, মো. আবুল হাশেম, মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়া, পরিচালক (প্রশাসন) ডা. মো. নুরুল হক এবং উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন।

এ ছাড়া চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন শাহেদ এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দিদার হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

জেডএস