বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফটিকছড়িতে স্বাগত মিছিল

প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফটিকছড়িতে স্বাগত মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী রোববার (৯ আগস্ট) সম্ভাব্য ফটিকছড়ি সফরকে কেন্দ্র করে উপজেলাজুড়ে প্রস্তুতি জোরদার করা হয়েছে। এ উপলক্ষ্যে স্বাগত মিছিল, প্রস্তুতি সভা এবং নির্মাণাধীন হেলিপ্যাড পরিদর্শন করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

সোমবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার ফেলাগাজী দিঘি এলাকার সিএমবি মাঠে নির্মাণাধীন হেলিপ্যাড পরিদর্শন শেষে এমপি সরোয়ার আলমগীর বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত জনপদ ফটিকছড়ি। জিয়ার ঘাতক জেনারেল মঞ্জুরকে ফটিকছড়ির খৈয়া চা-বাগান এলাকা থেকে এ অঞ্চলের মানুষ আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছিল।

তিনি বলেন, সম্প্রতি জাফতনগরের একটি অনুষ্ঠানে বলেছিলাম, শপথ নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান ফটিকছড়ি সফর করবেন। ইনশাআল্লাহ আগামী ৯ আগস্ট তিনি ফটিকছড়িতে পা রাখবেন বলে আমরা আশাবাদী।

এমপি বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। সফর উপলক্ষ্যে নির্মাণ করা হচ্ছে হেলিপ্যাড। দলীয় নেতা-কর্মীরা ধারাবাহিকভাবে প্রস্তুতি সভা করছেন এবং ফটিকছড়িবাসী স্বাগত মিছিলের মাধ্যমে প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

তিনি আরও বলেন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) এলাকাকে একটি সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা আমরা শতভাগ কাজে লাগাতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে।

এ সময় প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, আবুল কালাম আজাদ, নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজহার মিয়া, শাহনেওয়াজ সেবুল, মুনসুর আলম চৌধুরী, জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, শহিদুল আজম চেয়ারম্যানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেডএস