পাবনার ঈশ্বরদীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, পোড়া তেলের ব্যবহার, নিবন্ধন ছাড়াই ঘি উৎপাদন ও বিক্রিসহ নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে ‘পাবনা দই ঘর' নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ঈশ্বরদী উপজেলার ‘পাবনা দই ঘর’-এ উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া প্রস্তুতকৃত খাবার খোলা অবস্থায় রাখা, পোড়া তেলের ব্যবহার, নিবন্ধন ছাড়াই ঘি উৎপাদন ও বিক্রি এবং লেবেলবিহীন পণ্য প্রস্তুত ও বাজারজাত করার মতো নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর পরিপন্থি বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি, সব অনিয়ম সংশোধনের জন্য এক মাস সময় দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে একই ধরনের অপরাধের পুনরাবৃত্তি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার। অভিযানে সার্বিক সমন্বয় করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পাবনা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা শামীম আহমেদ। এছাড়া নিরাপদ খাদ্য পরিদর্শক ও বাংলাদেশ পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
এমএইচএন/জেআই
