রাজধানীর মিরপুর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দালালবিরোধী অভিযান চালিয়ে দালালচক্রের পাঁচ সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের কাফরুল থানাধীন মিরপুর বিআরটিএ কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
আনসার সূত্রে জানা যায়, বিআরটিএ কার্যালয়ে আসা সেবাগ্রহীতাদের গাড়ি-সংক্রান্ত বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের সময় কয়েকজনের সন্দেহজনক কার্যক্রম দায়িত্বরত আনসার সদস্যদের নজরে আসে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের উপস্থিতিতে প্লাটুন কমান্ডার (পিসি) মো. খোরশেদ আলমের নেতৃত্বে দালালবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দালালচক্রের পাঁচ সদস্যকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হিরা (২০)-কে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. ইয়াছিন (৩১), মো. আব্দুর রহিম (৪৬), মো. জামাল (৩৮) ও মো. মামুনুর রশিদকে (২৯) এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ড কার্যকরের পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অভিযানে প্লাটুন কমান্ডার মো. খোরশেদ আলম, এপিসি মো. আল মিজান এবং আনসার সদস্য মো. মতিয়ার, মো. ইমরান হোসেন, পবিত্র চন্দ্র সিংহ ও মানিক মিয়া অংশ নেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সরকারি বিভিন্ন সেবাপ্রতিষ্ঠানে সেবাগ্রহীতাদের হয়রানি ও দালালচক্রের দৌরাত্ম্য রোধে তাদের সদস্যরা নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছেন।
এসএএ//এমটিআই
