রাজধানীর খিলগাঁও, গোড়ান ও মালিবাগ এলাকায় সক্রিয় জিসান গ্রুপের তিন সদস্যকে বিদেশি পিস্তল, গুলি ও ওয়াকিটকি সেটসহ গ্রেপ্তার করেছে র্যাব-৩। গ্রেপ্তার ব্যক্তিরা মোবাইল ফোন ব্যবহার না করে ওয়াকিটকির মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রেখে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে জানিয়েছে এলিট ফোর্সটি।
সোমবার (৩ আগস্ট) রাজধানীর মালিবাগ ও খিলগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার (ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া) মো মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, সাধারণ মানুষের দেওয়া তথ্যের ভিত্তিতে জিসান গ্রুপের অন্যতম সহযোগী ও মাদক কারবারি মো স্বাধীন আহমেদ রনি (৩৫) মালিবাগ এলাকায় অবস্থান করছেন বলে জানতে পারে র্যাব। পরে তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি চাইনিজ চাপাতি, একটি সুইচ গিয়ার, তিনটি ওয়াকিটকি সেট ও দুটি ওয়াকিটকি চার্জার জব্দ করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনির দেওয়া তথ্যের ভিত্তিতে জিসান গ্রুপের আরও দুই সহযোগী মো সাজ্জাদ হোসেন সোহাগ (৩০) ও মো মেহেদী হাসানকে (২৪) পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়। তাদের ঘর থেকে তিনটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ), পাঁচটি ম্যাগাজিন এবং ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
মেহেদী ইমরান সিদ্দিকী জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জিসান গ্রুপের হয়ে খিলগাঁও, গোড়ান ও মালিবাগ এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিলেন। তারা বিভিন্ন নির্মাণাধীন স্থাপনার মালিক ও ঠিকাদারদের ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করতেন।
এসএএ/এমটিআই
