চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডের কাছ থেকে ৪ হাজার ৮৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব-৭। এ ঘটনায় মো. মাহাবুর রহমান (২০) নামের ওই স্টুয়ার্ডকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার আটকের বিষয়টি নিশ্চিত করেছে। আটক মাহাবুর রহমান জামালপুরের মেলান্দহ উপজেলার নলছিয়া এলাকার বাসিন্দা।

র্যাব জানায়, সোমবার (৩ আগস্ট) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি পৌঁছালে মাহাবুর রহমানকে আটক করা হয়।
র্যাবের সূত্র জানায়, কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ড ইয়াবার চালান নিয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আসছেন। এ তথ্যের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার দিকে র্যাবের একটি দল স্টেশনে অবস্থান নেয়। পরে ট্রেনটি ৫ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছালে ‘জ’ বগি থেকে এক স্টুয়ার্ড র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় র্যাব সদস্যরা তাকে আটক করেন।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, আটকের পর মাহাবুর রহমানের সঙ্গে থাকা কালো রঙের একটি কাঁধের ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় কালো পলিথিনে মোড়ানো ৪ হাজার ৮৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৬০ হাজার টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমআর/এসএএস
