জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ৫ আগস্ট রাজধানীতে যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এদিন রাজধানীজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি র্যাব ও সিআইডিও যৌথভাবে নিরাপত্তা কার্যক্রমে অংশ নেবে।
মঙ্গলবার (৪ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।
তিনি জানান, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে মহানগরজুড়ে পিকেট ও চেকপোস্ট উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। বিশেষ করে ঢাকার সব প্রবেশপথে তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম জোরদার থাকবে।
ডিএমপি জানায়, গুরুত্বপূর্ণ ভেন্যুগুলোতে সাদা পোশাকে ডিবি ও সিটিটিসির সদস্যরা দায়িত্ব পালন করবেন। জনসমাগম বেশি হয় এমন স্থানে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডের মাধ্যমে বিশেষ সুইপিং পরিচালনা করা হবে।
এছাড়া, সব অনুষ্ঠানস্থল এবং জুলাই স্মৃতিস্তম্ভ এলাকাকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় এনে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে। পাশাপাশি সাদা পোশাকে সিটিএসবি ও আইএডির গোয়েন্দা কার্যক্রমও অব্যাহত থাকবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে।
ডিএমপি আরও জানায়, নিয়মিত মোতায়েনের পাশাপাশি অতিরিক্ত পুলিশ সদস্যদের সঙ্গে র্যাব ও সিআইডি যৌথভাবে মহানগরের নিরাপত্তা নিশ্চিতে মাঠে সক্রিয় থাকবে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকির জন্য ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি মাঠে উপস্থিত থেকে দায়িত্ব পালন করবেন।
এমএসি/এমএন
