বিজ্ঞাপন

চট্টগ্রামে চলন্ত গাড়ি ভাঙচুর, গণপিটুনির পর পুলিশের হাতে ভারসাম্যহীন যুবক

চট্টগ্রামে চলন্ত গাড়ি ভাঙচুর, গণপিটুনির পর পুলিশের হাতে ভারসাম্যহীন যুবক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সড়কে চলন্ত যানবাহনে এলোপাতাড়ি ভাঙচুর চালানোর অভিযোগে এক মানসিক ভারসাম্যহীন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় অটোরিকশা ও টেম্পু চালকরা।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর উচ্চ বিদ্যালয় মোড় এলাকার চট্টগ্রাম-আনোয়ারা (পিএবি) সড়কে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই যুবক স্থানীয়ভাবে গণেশ নামে পরিচিত।

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, হাতে লাঠি নিয়ে এক যুবক রাস্তায় দৌড়ে চলন্ত যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশায় ভাঙচুর চালাচ্ছেন। আর চলন্ত গাড়িগুলো তাকে এড়ানোর চেষ্টা করছে। একপর্যায়ে হামলা থেকে বাঁচতে গিয়ে একটি অটোরিকশা উল্টে দুর্ঘটনার কবলে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ওই যুবক হঠাৎ হাতে লাঠি নিয়ে পিএবি সড়কের দৌলতপুর অংশে অবস্থান নেন। এরপরই তিনি চলন্ত যানবাহনের ওপর হামলা চালাতে শুরু করেন। এতে চালক ও যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামলাতে এবং আরও ক্ষয়ক্ষতি এড়াতে, একপর্যায়ে অতিষ্ঠ স্থানীয় সিএনজি ও টেম্পু চালকরা একত্র হয়ে তাকে ধরে গণপিটুনি দেন এবং পুলিশে খবর দেন।

জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দীন ঢাকা পোস্টকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে। খোঁজ নিয়ে জেনেছি, তিনি মানসিক ভারসাম্যহীন। পরে তার পরিবারকে খবর দিয়ে তাদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। মারধর করা ব্যক্তিরা মূলত স্থানীয় অটো ও টেম্পু চালক।’

এমআর/এসএএস